নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ সকাল ১০:৫১:৩৮
ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় দুবাইয়ে গ্রেপ্তার ব্রিটিশ পর্যটক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ধারণ করার অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ।
স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) তাকে হেফাজতে নেওয়া হয়।
বর্তমানে তিনি ‘বার দুবাই’
পুলিশ স্টেশনে আটক রয়েছেন। খবর দ্য টেলিগ্রাফের।
প্রতিবেদন অনুযায়ী, ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে
দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলা ও প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপশনের দৃশ্য মোবাইল ফোনে
ধারণ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ইতোমধ্যেই পর্যটক ও প্রবাসীদের
সতর্ক করেছে, আঞ্চলিক সংঘাত, সরকারি নীতি বা নিরাপত্তা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে কঠোর কারাদণ্ড বা জরিমানার মুখোমুখি হতে হবে।
আমিরাতের সাইবার অপরাধ আইন অত্যন্ত কঠোর। ‘জননিরাপত্তা’, ‘জাতীয় ঐক্য’ বা রাষ্ট্রের ভাবমূর্তি
ক্ষুণ্ন করতে পারে এমন কোনো কন্টেন্ট শেয়ার করলে সর্বোচ্চ ৭৭ হাজার মার্কিন ডলার (প্রায়
৮৫ লাখ টাকা) জরিমানা বা জেল হতে পারে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ডিটেইনড ইন দুবাইয়ের’ প্রধান নির্বাহী রাধা স্টার্লিং
জানিয়েছেন, তারা আটক ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি বলেন, বর্তমানে
দুবাই কর্তৃপক্ষ বিদেশি নাগরিকদের ছবি তোলার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে সরকারি
ভবন বা সংবেদনশীল স্থাপনার আশেপাশে ছবি তুললে তাদের ‘ইরানি চর’ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
স্টার্লিংয়ের মতে, কর্তৃপক্ষ চায় না এই যুদ্ধের ছবিগুলো ছড়িয়ে পড়ে দুবাইয়ের পর্যটন
বা নিরাপদ ভাবমূর্তির ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলুক।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক
কোনো অভিযোগ আনা হয়নি। তবে দোষী সাব্যস্ত হলে সাইবার অপরাধ আইনে তার দুই বছরের জেল
হতে পারে। ব্যক্তি লন্ডনের বাসিন্দা এবং দুবাইয়ে ছুটিতে ভ্রমণে এসেছিলেন বলে জানা
গেছে।
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে
অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে
আসার জন্য প্রায় ১৪ হাজার ব্রিটিশ নাগরিক সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন।