নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬ রাত ০৬:৫০:০২
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি সই হতে পারে: পাকিস্তান
তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় শনিবার (১৩ জুন) বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তান চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। এরপর আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
শেহবাজ শরিফ লিখেছেন, ‘শান্তিচুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি অবস্থানে রয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই শান্তিচুক্তিতে ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবং পরবর্তী ধাপে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই ঐতিহাসিক শান্তিচুক্তি দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে বলে আমরা আত্মবিশ্বাসী।’
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই ইঙ্গিত দেয় যুদ্ধ অবসানের বিষয়ে একটি সমঝোতা খুব কাছাকাছি পৌঁছে গেছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই দেশ একটি চুক্তির খসড়া পাঠে সম্মত হয়েছে এবং ওয়াশিংটন আগামী কয়েক দিনের মধ্যেই প্রাথমিক চুক্তি স্বাক্ষরের আশা করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সময়ে লেবাননের হিজবুল্লাহ ইসরাইলে হামলা শুরু করলে ইসরাইল ও ইরান-সমর্থিত গোষ্ঠীটির মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।
তিন মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পাশাপাশি সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তথ্যসূত্র: রয়টার্স