নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৪৯
সুনামি মোকাবিলায় প্রস্তুতি ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সুনামি পৃথিবীর অন্যতম ভয়াবহ ও ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ। তবে যথাযথ প্রস্তুতি, কার্যকর পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা গেলে এ দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব। বিশ্ব সুনামি সচেতনতা দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় এ কথা তুলে ধরে সুনামি মোকাবিলায় সরকার ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
বার্তায় তিনি বলেন, সুনামির ঝুঁকি কমাতে উপকূলীয় অঞ্চলে টেকসই ও দুর্যোগসহনশীল অবকাঠামো নির্মাণ, ঝুঁকি বিবেচনায় ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং বহুমুখী পূর্ব সতর্কীকরণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো জরুরি। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, তথ্য বিনিময় ও পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, সুনামি মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; ঝুঁকিপূর্ণ এলাকার প্রতিটি মানুষ, পরিবার ও স্থানীয় সম্প্রদায়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য সুনামির প্রাকৃতিক লক্ষণ ও সতর্কবার্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো, প্রতিটি পরিবারের জন্য জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা তৈরি এবং নিয়মিত মহড়ার আয়োজন করা প্রয়োজন।
এ বছরের বিশ্ব সুনামি সচেতনতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সুনামির জন্য প্রস্তুত থাকুন: টেকসই ঘুরে দাঁড়ানোর সক্ষমতা শুরু হয় আপনাকে দিয়েই’। প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অনানুষ্ঠানিক বসতি ও বস্তির বাসিন্দা, শিশু, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করার বিষয়ে।
বিশ্ব সুনামি সচেতনতা দিবসে জাতিসংঘের মূল বার্তা হলো, দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে হবে। সরকারের কার্যকর উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুনামির ক্ষয়ক্ষতি কমিয়ে মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব।