কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১ জুন ২০২৬ বিকাল ০৪:১১:২৬
কসবায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার সুপারমার্কেট এলাকায় যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় প্রশাসনের নিয়মিত তদারকি কম থাকায় কিছু ব্যবসায়ী ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ দখল করে অস্থায়ী দোকানপাট স্থাপন করেন। এর ফলে সুপারমার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং পথচারী, ক্রেতা-বিক্রেতা ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ে।
জনদুর্ভোগ কমাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবীর উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে স্থাপন করা বিভিন্ন অস্থায়ী দোকানপাট, মালামাল এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকারি জায়গা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য এবং সড়ক যানবাহন চলাচলের জন্য নির্ধারিত। এসব স্থান দখল করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে সুপারমার্কেট এলাকায় ফুটপাত দখল ও অবৈধ দোকানপাটের কারণে যানজট লেগেই থাকত। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজার এলাকার শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সরকারি জায়গা অবৈধভাবে দখল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।