নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:১২:২২
চাঁদাবাজির কারণে কে আর খান মুরাদকে বহিষ্কার করলো চ্যানেল এস
চাঁদাবাজি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডসহ নানা অপকর্মে জড়িত থাকায় কে আর খান মুরাদকে চ্যানেল এস-এর প্রতিনিধি পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চ্যানেল এস কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
৪ ফেব্রুয়ারি (বুধবার) সানশাইন টেলিভিশন লিমিটেডের (চ্যানেল এস) পক্ষ থেকে এক জরুরি নোটিশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চ্যানেল এস কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বহিষ্কৃত হওয়ার পর থেকে কে আর খান মুরাদের সঙ্গে প্রতিষ্ঠানের আর কোনো ধরনের পেশাগত বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই। এখন থেকে তিনি চ্যানেল এস-এর নাম, পরিচয় কিংবা প্রতিষ্ঠানের ইস্যুকৃত কোনো আইডি কার্ড, মাইক্রোফোন বা বুমের লোগো এবং স্টিকার ব্যবহার করতে পারবেন না। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো গুরুতর সব অভিযোগ আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই সাথে বহিষ্কৃত এই প্রতিনিধিকে অবিলম্বে অফিসের যাবতীয় সরঞ্জাম, আইডি কার্ড, বুম ও স্টিকারসহ আনুষঙ্গিক জিনিসপত্র অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব সামগ্রী অবৈধভাবে ব্যবহার করলে বা জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সকলকে তার সাথে চ্যানেল এস সংক্রান্ত কোনো প্রকার লেনদেন বা যোগাযোগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।