শাহপরান, কসবা-আখাউড়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ রাত ০৭:২১:১০
কসবায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং উপকারভোগী কৃষকরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি প্রান্তিক কৃষককে এক বিঘা জমিতে আউশ চাষের জন্য ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের আউশ আবাদে আরও উৎসাহিত করা হচ্ছে। সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে সার ও বীজ ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিনামূল্যে সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা। তারা নির্ধারিত সময়ে আউশ আবাদ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।