নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৩:০৩
৩ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
আগামী তিন মাসে আগের যেকোনো সময়ের তুলনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষ প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘উত্তরাধিকারসূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে নতুন সরকার। এর ওপর মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেন মরার ওপর খাঁড়ার ঘা।’
তিনি আরও বলেন, ‘পতিত সরকার সর্বদা রাজস্ব আয়কে গোঁজামিল হিসেবে দেখিয়েছে। বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে কর-জিডিপি হারকে তলানি রেখে গেছে। ফলে দরিদ্র বেড়েছে। এ থেকে উত্তরণে সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়েছে সরকার।’
ইশতেহার অনুযায়ী কর-জিডিপি অনুপাতের লক্ষ্যে পৌঁছানো হবে জানিয়ে ড. রাশেদ বলেন, ‘আগামী তিন মাসে আগের যেকোনো সময়ের তুলনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য।’
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন জ্বালানির জন্য সরকার অর্থের সরবরাহ নিশ্চিত করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘রাজস্ব আয় বাড়াতে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো হবে। জোর দেয়া হচ্ছে আহরণেও।’