নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ সকাল ১১:৫০:২৩
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন কায়সার কামাল। সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন।
১১ মার্চ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বরগুনা–২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে সমর্থন দেন খুলনা–৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন। একই প্রক্রিয়ায় কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
এর আগে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি। স্বনির্ভর বাংলাদেশ গড়াই বিএনপির রাজনীতি। প্রতিটি মানুষকে স্বনির্ভর করতে চায় বিএনপি। গণতন্ত্রকামীদের সহযোগিতা চাই। প্রতিটি সংসদ সদস্যের সহযোগিতা আশা করছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, মত ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদমুক্ত ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে অকার্যকর করে ফেলেছিল। আমরা সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু করতে চাই।’
প্রধানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করার পর তাঁর সভাপতিত্বে অধিবেশনের কাজ শুরু হয়। এবারই প্রথম স্পিকারের শূন্য চেয়ার নিয়ে সংসদের যাত্রা শুরু হলো। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন।
সংসদ কার্যসূচি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি এদিন অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন আইনমন্ত্রী আসিফ নজরুল।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব এবং ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উত্থাপন করা হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের মাধ্যমে প্রথম দিনের অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।