নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৬:০১:৪৬
সড়ক দুর্ঘটনায় আহত সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম
দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলন, জনসচেতনতা ও সড়ক নিরাপত্তা বিষয়ে কাজ করা সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শ্যামলী থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার পথে বিজয় সরণি-তেজগাঁও উড়ালসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন কাজ করা একজন কর্মী নিজেই সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় সহকর্মী সাংবাদিক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয় যে, সড়ক দুর্ঘটনা কাউকে বেছে নেয় না। পথচারী, যাত্রী, চালক, সাংবাদিক, উন্নয়নকর্মী কিংবা সড়ক নিরাপত্তা অধিকারকর্মী— সবাই সমান ঝুঁকির মধ্যে রয়েছেন।
সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ সড়ক শুধু একটি দাবি নয়, এটি নাগরিকের জীবন রক্ষার মৌলিক অধিকার। তাই নিরাপদ গতি নিশ্চিত করা, মানসম্মত হেলমেট ও আসনবেল্ট ব্যবহার, পথচারীর নিরাপত্তা, দায়িত্বশীল চালনা এবং দুর্ঘটনার পর জরুরি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা জরুরি।
রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ এবং তার সহকর্মী সাংবাদিকরা তারিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেছেন।