নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:০৩:০৯
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল : গুলশানের ওসির পর ডিসিকে প্রত্যাহার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে আজ বুধবার একই ঘটনায় পৃথক অফিস আদেশে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদপ্তরে বদলি করা হয়েছে।
পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে গুলশান মডেল থানার ওসি দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে। এসময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার ও পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।