নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ রাত ০৮:৫১:২১
সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
জামায়াতসহ বিরোধী দলগুলোর প্রতিবাদ, হট্টগোল আর ওয়াক আউটের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ এবং বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনের কার্যক্রম। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়ে বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়ার পর আগামী রোববার (১৫ মার্চ) পর্যন্ত অধিবেশন মুলতবি করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ওই দিন বেলা ১১টায় পুনরায় অধিবেশন বসবে।
এদিন অধিবেশনের শুরুতে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে মনোনীত করেন।
পরে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
আজকের অধিবেশনে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সকাল থেকেই তাদের সংসদ ভবনে ঢুকতে দেখা যায়।
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন।
জাতীয় সংসদের অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান প্রমুখকে দেখা গেছে।