সীমা প্রধান
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:১৬:৫৫
নরসিংদীতে অপরাধ দমনে বড় সাফল্য: বিপিএম পদকে ভূষিত হলেন এসপি আবদুল্লাহ্-আল-ফারুক
মাঠপর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ, একের পর এক চাঞ্চল্যকর মামলার জট খোলানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পেলেন নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্-আল-ফারুক। পেশাদারিত্ব ও সাহসিকতার এই স্বীকৃতি নরসিংদী জেলা পুলিশের কার্যক্রমে নতুন এক গতি এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, নরসিংদীতে যোগদানের পর থেকেই জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা কৌশলগত পদক্ষেপ নেন এসপি আবদুল্লাহ্-আল-ফারুক। বিশেষ করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি তাঁর সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পুলিশ টিম একাধিক চাঞ্চল্যকর এবং ক্লুলেস (রহস্যঘেরা) অপরাধের ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, কেবল রুটিন দায়িত্ব পালন নয়; বরং প্রতিটি অপরাধের শেকড় পর্যন্ত পৌঁছানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর আপসহীন মনোভাবই তাঁকে এই জাতীয় পদকের সুবাদে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।
এদিকে, এসপি মহোদয়ের এই অর্জনে কেবল পুলিশ বিভাগ নয়, সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষও। জেলা পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই সম্মাননা শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো নরসিংদী জেলা পুলিশের প্রতিটি সদস্যের জন্য কাজের স্পৃহা ও মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি আর জনবান্ধব পুলিশিংয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা নরসিংদীবাসীর।