নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ রাত ০৯:৫৯:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি
সংসদীয় কার্যক্রমের একটি বড় অংশ জুড়ে থাকবে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী বিভিন্ন সময়ের পাস হওয়া অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন । আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান সর্বমোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে পেশ করবেন । এই তালিকায় ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত জারি করা বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, জেলা ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ সংক্রান্ত অধ্যাদেশ এবং সাইবার সুরক্ষা সংশোধন অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ আইনগুলো অন্তর্ভুক্ত রয়েছে । এছাড়া সুপ্রীম কোর্ট সচিবালয়, গুম প্রতিরোধ, এবং নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারমূলক বিভিন্ন অধ্যাদেশও এই তালিকায় স্থান পেয়েছে ।
অধ্যাদেশ উপস্থাপনের পাশাপাশি জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী সংবিধানের ১৪১(৩) অনুচ্ছেদ অনুযায়ী 'বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২০২৪ সনের বার্ষিক প্রতিবেদন' সংসদে পেশ করবেন । একই দিনে সংসদীয় বিভিন্ন কমিটি গঠন করার পরিকল্পনাও রাখা হয়েছে ।
অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ প্রদান করার কথা রয়েছে ।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এই কার্যসূচিটি গত ৯ মার্চ জারি করা হয়।