চ্যানেল এস-এ সংবাদ প্রকাশের পর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ রাত ০৯:২২:১৫
তুরাগে চাঁদাবাজি ও চটপটি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সেই সুরুজ মিয়া গ্রেফতার
রাজধানীর তুরাগে এক চটপটি ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে স্থানীয় প্রভাবশালী সুরুজ মিয়াকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টা ৫০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টরের ষোলহাট এলাকায় চটপটি ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন সুরুজ মিয়া ও তার সহযোগী তরিকুল ইসলাম। অভিযোগে বলা হয়, তারা ‘ক্যায়িং জোন’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চাঁদা দাবি করেন। এছাড়া দীর্ঘদিন ধরে প্রতিদিন এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এজাহারে আরও উল্লেখ করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সুরুজ মিয়ার নেতৃত্বে ৫ থেকে ৬ জন দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুরের পাশাপাশি ক্যাশবাক্স থেকে ৮ হাজার ২০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শনিবার ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ১৪৩, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৩৮০, ৪২৭ ও ৫০৬ ধারায় রুজু করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. টোকনউজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সুরুজ মিয়াকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ২১ জুন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনে সুরুজ মিয়ার বিরুদ্ধে ব্যবসা দখলের চেষ্টা, সরকারি জমি দখল এবং ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরির মাধ্যমে প্রতারণার অভিযোগ তুলে ধরা হয়।
সুরুজ মিয়ার গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।