নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৭:৩১
চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল বিক্রয়চক্রের ৩ সদস্য গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে ৫টি নতুন অ্যান্ড্রয়েড ফোন, ১২৬টি পুরোনো মোবাইল ফোন, ১৬৫টি পুরোনো মোবাইল ডিসপ্লে, ১৬টি পুরোনো ট্যাব এবং ৬৫টি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান।
গ্রেফতাররা হলেন—মো. মুন্না শেখ, মো. নাসির উদ্দিন শান্ত ও মো. নাসিম।
নিফাজ রহমান জানান, সম্প্রতি রাজধানীতে মোবাইল ফোন চুরির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় চোরাই মোবাইল কেনাবেচা চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) বিকেলে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি নতুন অ্যান্ড্রয়েড ফোন, ১২৬টি পুরোনো মোবাইল ফোন, ১৬৫টি পুরোনো মোবাইল ডিসপ্লে, ১৬টি পুরোনো ট্যাব এবং ৬৫টি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ফোন কিনে কম দামে বিক্রি করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিনির্ভর ট্র্যাকিং এড়াতে তারা মোবাইল ফোন খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করতেন। পাশাপাশি মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করে অপরাধীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তা করতেন বলেও জানিয়েছেন তারা।
র্যারে এই আরও জানান, চক্রের সদস্যরা ব্যাচেলর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে আড়ালে চোরাই মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ কেনাবেচা করতেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যকে গ্রেফতার এবং চোরাই মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।