নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ রাত ১০:৪৫:৫৯
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘যুক্তরাষ্ট্রের ছাড়’ খবরকে ভিত্তিহীন বলছে জ্বালানি বিভাগ
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে ৬০ দিনের ‘ছাড়’ পাওয়ার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (১৭ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ এপ্রিল (শুক্রবার) বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে, রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে কোনো তথ্য বা মন্তব্য প্রদান করেননি।
এতে আরও জানানো হয়, ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় অথবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কে এই বিভাগ কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিককে কোনো তথ্য দেয়নি।
জ্বালানি বিভাগ বলছে, রাশিয়ার জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় কিংবা বাংলাদেশ কর্তৃক রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা ব্যবস্থা সম্পর্কে বিভাগের কাছে কোনো দাফতরিক তথ্য নেই।
বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এই ধরনের সংবাদকে ‘অননুমোদিত’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের সংবেদনশীল তথ্য প্রচার জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের সই করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।