নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪২
রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলী আকবর (৫০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিভিন্ন ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংস্থাটি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, ছিনতাইকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। পাশাপাশি চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতেও র্যাব সক্রিয় রয়েছে।
র্যাব-২ সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলী আকবর (৫০)-কে শনিবার (৪ এপ্রিল) বিকেলে শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(খ) ধারায় দায়ের করা মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে আসামির অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হলে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারির পর থেকে আলী আকবর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।