নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৫:৫২
হাইকোর্টের রায়: এমপি হিসেবে শপথের পথ খুলল সারোয়ার আলমগীরের
দীর্ঘ আইনি লড়াই শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পথ খুলে দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে রায় দেন।
রায়ের ফলে সারোয়ার আলমগীরের নির্বাচিত হওয়ার ক্ষেত্রে থাকা আইনি জটিলতার অবসান হলো। এখন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন।
নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে ঋণখেলাপির অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমিন। শুনানি শেষে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ারের প্রার্থিতা বাতিল করে।
এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন।
পরবর্তীতে জামায়াত প্রার্থী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করলে আপিল বিভাগ সারোয়ারকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখলেও তার নির্বাচনের ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন। কিন্তু আপিল বিভাগের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেনি।.
পরে গত ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে সারোয়ার আলমগীরের প্রার্থিতাকে বৈধ বলে রায় দেন।
সারোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, জামায়াত প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।