নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৭:০০
আফগান-পাকিস্তান যুদ্ধ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, যুদ্ধ কারও জন্যই সুফল বয়ে আনে না। দুই সার্ক সদস্য দেশের মধ্যকার বর্তমান পরিস্থিতিকে ‘খুবই দুঃখজনক’। বাংলাদেশ অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এখনই কোনো প্রকাশ্য বিবৃতি দেবে না।
সৌদি আরব সফর শেষে ২৮ ফেব্রুয়ারি শনিবার ভোরে হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের মতো করে দুই বন্ধু
রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের সংঘাত কারও স্বার্থ রক্ষা করে না।’
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনরুল্লেখ করে
ড. রহমান বলেন, এ বিষয়ে বাংলাদেশের নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং ফিলিস্তিনের প্রতি
বাংলাদেশের সমর্থন আগের মতই অবিচল থাকবে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের
৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ইসলামী সহযোগিতা সংস্থার
(ওআইসি) সদস্য দেশগুলো বিশ্বজুড়ে জোরদার প্রচার চালাবে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের
এই প্রার্থিতার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর পূর্ণ এবং দ্ব্যর্থহীন সমর্থন পেয়েছি।
খলিলুর রহমান বলেন, ‘সরকার পরিবর্তনের পর আমাদের প্রার্থী
পরিবর্তন করা হয়েছে। সাইপ্রাস সারাবছর প্রচার চালিয়েছে, অথচ আমাদের হাতে সময় আছে মাত্র
তিন মাস বা তারও কম। এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’
বাংলাদেশের জয় নিশ্চিতে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে সার্বিক
পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কৌশল নির্ধারণ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা তাদের পূর্ণ ও সুস্পষ্ট সমর্থন পেয়েছি।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচন
আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। সংস্থাটির কার্যবিধির ৩০ নম্বর
বিধি অনুযায়ী এ নির্বাচন হবে।
প্রতিষ্ঠিত আঞ্চলিক পালাক্রম পদ্ধতি অনুযায়ী ৮১তম অধিবেশনের
সভাপতি নির্বাচিত হবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে। ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর সাধারণ
পরিষদের ৮১তম অধিবেশন শুরু এবং ২২ সেপ্টেম্বর থেকে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু
হওয়ার কথা রয়েছে।