নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ মে ২০২৬ দুপুর ০১:২৭:২৩
এ বছরের শেষদিকে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
এ বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ১০ মাস থেকে একবছর লাগবে তা শেষ করতে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের।
৫ মে মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তারা কোনও কোনও ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি-এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে আর ১০ মাস থেকে একবছর লাগবে শেষ করতে। উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
হামের টিকা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা ৮৯ শতাংশ। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে। একজন শিশুর মৃত্যুও কাম্য নয়, তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশু মারা গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। হামের টিকা নিয়ে ভবিষ্যতে কোনো সংকট হবে না।
টিকা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু মৃত্যু ঘটুক তা হয়ত অন্তবর্তী সরকারও চায়নি। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।