নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩১:৪১
দেশে জঙ্গি তৎপরতা নেই, এটি ফ্যাসিবাদী আমলের হাতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বর্তমান কালচারে জঙ্গি শব্দ নাই। ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি শব্দটা ব্যবহার করা হতো। তবে এখন এসব নাই।
২৮ এপ্রিল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে।
সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বাহিনীর বহরে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে। এতে করে অতীতের তুলনায় বহুগুণ সক্ষমতা বৃদ্ধি পাবে কোস্ট গার্ডের। উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নানা বিষয়েও কাজ করছে বাহিনীটি। তাদের নিয়মিত টহলের কারণে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুন্দরবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে বাহিনীটি।
এ সময় গত এক বছরে সুন্দরবনে অভিযানসহ নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও কোস্টগার্ডের মহাপরিচালক মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।