নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ রাত ১০:৫৩:৫৯
সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশালে চোরসহ গ্রেফতার ২
রাজধানীর বংশাল থানাধীন একটি ফ্ল্যাট বাসায় সাবলেটের সুযোগ নিয়ে অভিনব কায়দায় চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শেখ জালামিন (৩৪) ও মাধব চন্দ্র ধর (৬০)।
বংশাল থানা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি মালিটোলা রোডের মক্কা দুলারী টাওয়ারের সপ্তম তলায় একটি ফ্ল্যাটে শেখ জালামিন ও তার স্ত্রী সাবলেট হিসেবে ওঠেন। গত ২৫ মার্চ ফ্ল্যাটের মালিক পরিবারসহ চাঁদপুরে একটি অনুষ্ঠানে গেলে বাসায় তাদের রেখে যান। পরে ২৭ মার্চ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে ফিরে এসে কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান এবং চুরির বিষয়টি নিশ্চিত হন।
চুরি হওয়া মালামালের মধ্যে ছিল নগদ ৩০ হাজার টাকা, তিনটি স্বর্ণের চেইন, চারটি রুলি, চারটি আংটি, চারটি নাকফুল, দুটি ছোট চেইন, দুই জোড়া কানের দুলসহ মোট ১১ ভরি ২ আনা স্বর্ণালংকার। এছাড়া একটি স্মার্টফোন, ফ্ল্যাটের দলিল, ইসলামী ব্যাংকের চেক বই ও ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সোহান বংশাল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়িয়া মোড়ে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি শেখ জালামিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চেক বই ও জমির দলিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাতীবাজার এলাকার শরীফ জুয়েলার্সের ম্যানেজার মাধব চন্দ্র ধরকে ৮ দশমিক ৪ রতি ওজনের একটি স্বর্ণের চেইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।