নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৯:১০
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিকেল ৫টায় সংসদে সংবাদ সম্মেলন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। এই ইস্যুতে বিকেল ৫টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
সরকারের একাধিক সূত্র এই খবর নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনের আগেই রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন- এমন খবর নিয়ে গত দুই দিন ধরেই আলোচনা চলছে দেশের গণমাধ্যমে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে।
অন্যদিকে, থাইল্যান্ডে সফর সংক্ষিপ্ত করে দুদিন আগে আজ শুক্রবার সকালে দেশে ফিরেছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদে নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আপাতত স্পিকার হাফিজ উদ্দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।