রফিকুল ইসলাম (নান্দাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৫:০৬
নান্দাইলে মাদক ও চুরি রোধে স্থানীয় সংসদ ইয়াসের গান চৌধুরীর বিশেষ নির্দেশনা
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ও চুরি রোধে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা প্রদান করেছেন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত নান্দাইল গড়তে তিনি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নান্দাইল থানা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ।
সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী, নান্দাইল উপজেলার প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকা দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এসব এলাকায় অপরাধ দমনে গ্রাম পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে ‘বিশেষ টিম’ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই টিমগুলো উপজেলার বিভিন্ন পয়েন্টে নিয়মিত রাত্রিকালীন পাহারা নিশ্চিত করবে।
বিশেষ করে, অপরাধী চক্রের যাতায়াত ও অপতৎপরতা বন্ধ করতে নান্দাইল উপজেলার প্রতিটি প্রবেশপথ ও সীমানায় কড়া চেকপোস্ট বসানোর নির্দেশ দিয়েছেন এমপি ইয়াসের খান চৌধুরী। এর ফলে বহিরাগত অপরাধীদের প্রবেশ এবং মাদক চোরাচালান রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক বিবৃতিতে বলেন, “নান্দাইলের জনগণের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মাদক ও চুরির মতো সামাজিক ব্যাধি নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশকেও সক্রিয় করা হয়েছে। আমরা সচেষ্ট আছি যেন সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিতে বসবাস করতে পারে।”
তিনি আরও জানান, অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা এবং সচেতনতা অত্যন্ত জরুরি। প্রশাসনের এই বিশেষ তৎপরতা অব্যহত থাকবে এবং যেকোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা হবে।