নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ জুলাই ২০২৬ রাত ১০:৪৯:২১
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই তালিকায় থাকা প্রথম দুজন কর্মকর্তা বর্তমানে গ্রেফতার রয়েছেন। তাঁরা হলেন— রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডিআইজি মো. সাইফুল ইসলাম।
এছাড়া তালিকায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মিরাজ উদ্দিন আহম্মেদ, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত শাহ মিজান শাফিউর রহমান, সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত এস এম মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত জিহাদুল কবির, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত মঈনুল হক, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মো. ইলিয়াছ শরীফ, এপিবিএন হেডকোয়ার্টার্স ঢাকায় সংযুক্ত শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম রেঞ্জের মো. জাকির হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন, ঢাকায় এন্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত মো. জামিল হাসান, খুলনা রেঞ্জের মো. মাহবুবুর রহমান এবং সিলেট রেঞ্জের মো. মনিরুজ্জামান।
এছাড়া, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত মো. বরকতুল্লাহ খান ও টি.এম. মোজাহিদুল ইসলাম, বরিশাল রেঞ্জের মো. আনোয়ার হোসেন খান, রাজশাহী রেঞ্জের মোহাঃ মনিরুজ্জামান ও মো. মেহেদুল করিম, রংপুর রেঞ্জের মো. আলমগীর কবীর, পিটিসি রংপুরে সংযুক্ত মো. রশীদুল হাসান, রংপুর রেঞ্জের সঞ্জয় কুমার কুণ্ডু, সিলেট রেঞ্জের মো. নিজামুল হক মোল্যা, ঢাকায় এন্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত এস এম এমরান হোসেন, খাগড়াছড়িতে এপিবিএন বিশেষ ট্রেনিং সেন্টারে সংযুক্ত মুহাম্মদ সাইদুর রহমান খান, রংপুর রেঞ্জের ড. শামসুন্নাহার, রংপুর রেঞ্জের মো. সাইফুল্লাহ আল মামুন, রাজশাহী রেঞ্জের খান মুহাম্মদ রেজোয়ান, খুলনা রেঞ্জের মো. সাজিদ হোসেন, রংপুর রেঞ্জের শেখ রফিকুল ইসলাম এবং রাজশাহী রেঞ্জের মো. মাশরুকুর রহমান খালেদকে অবসরে পাঠানো হয়েছে।
এর পাশাপাশি পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের মোল্লা জাহাঙ্গীর হোসেন, এবং ময়মনসিংহ রেঞ্জের মো. আব্দুল্লাহ আরেফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।