নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৬:১৬
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শরীয়তপুর পরিদর্শন সেনাপ্রধানের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শরীয়তপুর পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি এ সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
৪ ফেব্রুয়ারি বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের
(আইএসপিআর) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঝপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান শরীয়তপুর জেলা
সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের শরীয়তপুর,
ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সেনাপ্রধান পরিদর্শনকালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের
কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।
শরীয়তপুর জেলা পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং,
আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া
কমান্ডার, সাভার এরিয়া এবং সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের
পাশাপাশি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং
বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।