নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ রাত ০৭:১৯:২৫
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়, সোমবার থেকে কার্যকর
দেশে সিনিয়র সিটিজেন (প্রবীণ) (৬৫ বছর বা তদূর্ধ্ব) ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেলের টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
রোববার (২৪ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেলে সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
এ ছাড়া প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধা পাবেন।
আহসান উল্লাহ শরিফী জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।