রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:৩৫
কৃষকদের ভিত্তি শক্ত না হলে দেশ স্বনির্ভর হবে না: আমান উল্লাহ আমান
কৃষকদের ভিত্তি শক্তিশালী না হলে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয় এবং দেশ স্বনির্ভরতা অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
বৃহস্পতিবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি খাত। কৃষকদের টিকিয়ে রাখতে কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, তখন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও খাল খননসহ বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।
এসময় তিনি আরও বলেন, সরকারের হেলথ কার্ড, রেশন কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, ঢাকা-২ আসনকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে হবে। কোথাও কোনো অন্যায় বা অপরাধ ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। অপরাধী নিজের দলের হলেও কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।