নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ সকাল ১০:০৪:২০
দেশের তিন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, সম্ভাব্য বেগ ৬০ কিলোমিটার
দেশের অভ্যন্তরীণ তিনটি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় নৌবন্দরসমূহকে সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত কয়েক দিনের তীব্র গরমের পর উত্তরাঞ্চল ও সিলেটে এই কালবৈশাখীর পূর্বাভাস জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও নৌচলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।