নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মে ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৩
রাজধানীতে বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টি
সকালের এক দফা বৃষ্টির পর বিকেলের বৃষ্টিতে ভিজল রাজধানী। ভারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শব্দে রোববার (৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কেঁপে ওঠে রাজধানী।
এদিন সকালে এক দফা ভারি বৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার পর শুরু হয় বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
আবহাওয়া দফতরের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় আরও বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় রোববার (৩ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে। পাশাপাশি ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা রয়েছে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।