নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ রাত ০৭:২৯:১৭
মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার
রাজধানীর মুগদা থানার মান্ডার আব্দুল করিম রোডে ২৬০/১ শাহনাজ ভিলা বাসার বেজমেন্ট অজ্ঞাত এক ব্যক্তির লাশের সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার এসআই আবু রায়হান।
এসআই বলেন, একটি নির্মাণাধীণ ভবনের এক পাশে থাকা ফাঁকা জায়গা থেকে মরদেহের সাত টুকরো অংশ উদ্ধার করা হয়েছে। তবে মাথা ও বাম হাতের অংশ নেই। লাশের অংশগুলোতে পচন ধরেছে। এখনো পরিচয় মেলেনি। লাশটি পুরুষ ব্যক্তির।
তিনি আরও বলেন, লাশের সাত টুকরো অংশগুলো সাতটি পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে থানায় জানালে আমরা ছুটে এসেছি।
এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।