নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৩৮
দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় সংসদে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।
প্রধানমন্ত্রীর বেতন-ভাতা কত
‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুসারে, প্রধানমন্ত্রীর বেতন মাসে ১ লাখ ১৫ হাজার টাকা। মাসিক বাড়িভাড়া ১ লাখ টাকা। অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সরকারি বাসভবন পান এবং সেখানেই থাকেন।
প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ৩ হাজার টাকা। এ ছাড়া প্রধানমন্ত্রী বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কাভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল পান।
প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য ব্যয় করা সম্পূর্ণ অর্থই তিনি পাবেন ভাতা হিসেবে। তার অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সব খরচ রাষ্ট্র বহন করবে।
প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটির ব্যয় সরকার বহন করে।