নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৪:১১
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোর নির্বাচন ব্যবস্থা করবো: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি।
১৮ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেছিলেন, তার প্ল্যান আছে। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গণতন্ত্র নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে।
মির্জা ফখরুল বলেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে।
আওয়ামীলীগ বিহীন’ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা, প্রশ্নে তিনি বলেন, ‘না, এটা কিন্তু জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হয়েছে। এবং এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই আজকে এটা একসেপ্টেবল টু অল (গ্রহণযোগ্য) হয়েছে, সকলের কাছে।’
আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে, প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটা আমরা পলিটিক্যালি পরে আপনাদের জানাব। আমাদের গভর্নমেন্টের আলোচনার পরে জানাব।’
অন্তর্বর্তী সরকারের কার্ক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন কিনা, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রয়োজন নেই। কারণ তারা একটা বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে। সেই সময়, আমি মনে করি, আমার দলও মনে করে যতটুকু প্রয়োজন ছিল, তারা সেই কাজের সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা কী ছিল? ট্রানজিশন টু ডেমোক্রেসি। সেটা তো তারা করে দিয়ে গেছে। সুতরাং ইউ মাস্ট গিভ ক্রেডিট টু দেম (তাদের সেই কৃতিত্ব)। দিতেই হবে। তারা অনেক ভালো কাজ করেছে।