নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ দুপুর ০২:১১:২৬
ঈদে যাত্রীদের সুবিধার্থে দেশের সব ফিলিং স্টেশনের জন্য নতুন নির্দেশনা জারি
ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। ১৩ দিনের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। সে হিসাবে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।
এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।