জাকেরিন আর চৌধুরী, সিনিয়র করেসপন্ডেন্ট, লন্ডন
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ রাত ০৯:১৯:৫৪
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত ঢাকায় ফিরে আসার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শনিবার (৭ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এ তথ্য জানান।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি সেদিন লন্ডনে পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রমে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ এবং রাষ্ট্রীয় স্বার্থ যথাযথভাবে রক্ষা না করার বিষয়ে নানা অভিযোগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিককে বিদেশি মিশন থেকে প্রত্যাহার করা হলো।
আবিদা ইসলাম গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন। তবে তার নিয়োগের পর থেকেই বিএনপি ও জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক মহলে এ বিষয়ে আপত্তির বিষয়টি আলোচনায় ছিল।
পেশাগত জীবনে আবিদা ইসলাম একজন জ্যেষ্ঠ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এছাড়া ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
কূটনৈতিক অঙ্গনে এমন সিদ্ধান্তকে অনেকেই প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন। পর্যবেক্ষকদের মতে, গুরুত্বপূর্ণ বিদেশি মিশনগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্যে সময় সময় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।