নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ দুপুর ১২:২৯:৩৭
১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি। পদে পদে বাধা দিয়েছে। আমাদের নেতাকর্মী ও সাধারণ জনগণ মিথ্যা মামলার জন্য ঘরে থাকতে পারে নাই। কোর্টে গিয়ে ঘুরতে হয়েছে। জেলে যেতে হয়েছে। নানা রকমের অত্যাচার সহ্য করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিবাদ ও আন্দোলন পার করে একটি সুষ্ঠু ভোটের মধ্যদিয়ে গণতন্ত্রের পথে আমরা হাটতে শুরু করেছি। এখন কিন্তু আর সেই সমস্যা নেই।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। আমার বাবা কে এম ওবায়দুর রহমানও প্রতিহিংসার রাজনীতি পছন্দ করতেন না। আবার বাবা দলমত না দেখে জাতির সেবা করে গেছেন। তার সন্তান হিসেবে আমি ১৭ বছর চেষ্টা করেছি সকলের পাশে থাকার। মহান আল্লাহ আমাদের অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে পারলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
স্থানীয় বিরোধ, জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্ব ও সামাজিক সংঘাত নিরসনে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
এর আগে দিনব্যাপী সফরের অংশ হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবার পরিদর্শন করেন এবং সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।