জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৭:৪০
গণতন্ত্র ছাড়া দেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয় সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি এখন মানুষের বেশি আকর্ষণ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনীতিক আগ্রহের কারণে। কখনো আবার স্বৈরশাসন যখন মানুষের ওপরে চেপে বসে, সে সময় ছাত্র-যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃ প্রবর্তন করে।