নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ সকাল ১১:২২:৫১
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সকালে প্রথম অধিবেশন শুরু হয়। এবারের জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে ২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত গোলাম নাফিজের রিকশাচালকসহ চার নিহত পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।
রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক সূচনা হবে। স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতিত্বে বসিয়ে শুরু হবে সংসদের কার্যক্রম। ত্রয়োদশ সংসদের সূচনা অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. মোশাররফ হোসেন বলে বক্তব্যে জানান প্রধানমন্ত্রী।
পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার পরপরই কার্যক্রম শুরু হয়। এর আগে প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপিরা। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।
অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংসদ সদস্যরা সকাল থেকেই জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। এ অধিবেশনে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে মোট সাতটি বিষয় রয়েছে। প্রথমে স্পিকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর অধিবেশন পরিচালনা করবেন নতুন স্পিকার। এরপর সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হবে। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।
প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। সংসদ এগুলোর অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশসহ বেশ কিছু অর্ডিন্যান্স হুবহু অনুমোদন করা হবে বলে জানা গেছে।
পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে।
সবশেষ রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এভাবেই প্রথম দিনের কার্যসূচি শেষ হবে। প্রথম অধিবেশন চলবে প্রায় এক মাস।