নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ রাত ০৭:৪১:২৫
পবিত্র ঈদুল আজহা ২৮ মে
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে কমিটি।
এছাড়া সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
এর আগে রোববার (১৭ মে) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।
প্রসঙ্গত, চাঁদ দেখা যাক না যাক, বহু বছর ধরে সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে ঈদ পালনের রীতি চলে আসছে। সেটি ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা।
ফলে বাংলাদেশে যে ঈদুল আজহা ২৮ মে উদযাপিত হবে, তা এক প্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার। অবশেষে সেই ঘোষণাও এলো।
এদিকে এবার ঈদুল আজহায় সাত দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে শুরু হবে সেই ছুটি, শেষ হবে ৩১ মে।
এই ছুটির ফলে ঘরমুখো মানুষের ভিড় যেমন নিয়ন্ত্রণ সম্ভব হবে, তেমনি কর্মজীবীরাও পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন, যা ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।