নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৬ বিকাল ০৩:৫৯:৪১
চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
চীনে চার দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার (২৬ জুন ) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং দাশিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ সময় তখন দুপুর ৩টা। প্রধানমন্ত্রীর সঙ্গে এ ফ্লাইটে ছিলেন তাঁর স্ত্রী ড. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সফরকালে বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশ "যৌথ ভবিষ্যতের সাথী" হিসেবে কাজ করার ঘোষণা দেয়। বেল্ট অ্যান্ড রোড, ডিজিটাল অর্থনীতি, গ্রিন এনার্জি ও চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে নতুন অঙ্গীকার হয়।
এছাড়া চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব ও উন্নয়নে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন শি জিনপিং।
বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।