নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ রাত ১০:৫০:৫৪
যাত্রাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে উত্তেজনার জেরে হামলা ও পাল্টা হামলায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত দিয়া আক্তার (২০) শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন মৌসুমী আক্তার (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আবু মুসা নামের এক ঠিকাদার নবীউল্লাহ নামের এক ব্যক্তির কাছে টাকা পেতেন। পাওনা টাকা চাইতে তিনি ভোরে নবীউল্লাহর বাসায় যান। এ সময় তাদের মধ্যে টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবীউল্লাহ আবু মুসাকে কুপিয়ে জখম করেন।
এরপর আবু মুসা উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কোপ দেন। এতে তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ দৃশ্য দেখে দৌড়ে আসেন তাদের মেয়ে দিয়া আক্তার। পরে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর পরিবারের আরও দুই সন্তান—মুয়াজ ও জয়া—এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ বলেন, এ ঘটনায় আবু মুসাকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।