নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ দুপুর ১২:৩২:৪৪
আমি গুজবে বিশ্বাস করিনা: মির্জা ফখরুল
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রপত্রিকায় প্রকাশিত সব তথ্যকে রাজনৈতিক বাস্তবতা হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্টের পদত্যাগ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আমি গুজবে বিশ্বাস করি না।’ প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা ও গুঞ্জন চলছে, তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে বিশ্বজুড়ে গণতন্ত্র নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও নানা সংকটের কারণে বিভিন্ন দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও চাপের মুখে পড়ছে। এমন পরিস্থিতিতেও বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার এবং জবাবদিহিতার রাজনীতিতে অটল রয়েছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ, সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতেও পড়তে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের মধ্যে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
.এ সময় প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, অসমর্থিত তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার পরামর্শ দেন।