নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ রাত ১০:৫৫:৪৬
শেরেবাংলা নগরে মেডিকেল শিক্ষার্থীর মোবাইল ছিনতাইকালে ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার মোবাইল
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক মেডিকেল শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের সময় অভিযান চালিয়ে এক সক্রিয় ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ জানায়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী রাদিয়া ইসলাম শেরেবাংলা নগর এলাকার একটি সড়ক পার হওয়ার সময় দুই ছিনতাইকারী তার পথরোধ করে ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় ঘটনাস্থলে সাদা পোশাকে দায়িত্ব পালনরত র্যাব-২-এর গোয়েন্দা সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক ধাওয়া করেন। পরে একজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীর মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অপর অভিযুক্ত পালিয়ে গেছে কি না, সে বিষয়ে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। সাম্প্রতিক সময়ে ভুক্তভোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়েছিল।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। উদ্ধার করা আলামত জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের পর আদালতে সোপর্দ করা হবে।
র্যাব জানিয়েছে, রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।