নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০১:১৮:৩৫
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। তিনি দেশের প্রখ্যাত পত্রিকা দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।
এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন আতিকুর রহমান। তারা তিন বোন, চার ভাই। পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী ও সমাজসেবক। মা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন গৃহিণী ও এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি ছিলেন দানশীলতার জন্য ব্যাপক পরিচিত।