নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:৪০
আদালতে হাজির হতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সমন জারি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানি করার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
৮ মার্চ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান
শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন
করেন। আদালত মামলাটি গ্রহণ করে এ সমন জারি করেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক
সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ সংসদ
নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময়
নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন।
শুধু তাই নয়, নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরো
বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর
বক্তব্য ও বিভিন্ন হুমকি প্রদান করতে থাকেন। সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে মামলার বাদী আশরাফুল
ইসলাম দেখতে পান, নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর বক্তব্য
দিচ্ছেন।
বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে
ভাইরাল করে মির্জা আব্বাসের মান সম্মান ক্ষুণ্ণ করেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ইচ্ছাকৃতভাবে
একের পর এক মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা
বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে, যা সকল প্রকার শিষ্টাচার সভ্যতার
রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর।