নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ রাত ১০:১৮:১৬
বিমানবন্দরে আনসার ব্যাটালিয়নের তৎপরতায় ৪,৩৬৪ পিস ইয়াবাসহ যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার ব্যাটালিয়নের সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সোমবার সকালে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় ৪,৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম, তিনি ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকার বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাইদুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট BS-381-এ যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। হেভি লাগেজ গেইট–৪ দিয়ে প্রবেশের পর নির্ধারিত কাউন্টারের রো “সি”-তে চেক-ইন সম্পন্ন করেন। পরে বোর্ডিং ব্রিজ নং C2-এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশিতে উপস্থিত হন।
প্রি-বোর্ডিং পর্যায়ে ব্যাগ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহী শামীম রেজা ব্যাগটি সন্দেহজনক মনে করলে সিভিল সিকিউরিটি সদস্য হিজবুল বাহারকে র্যান্ডম তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু পাওয়া যায়।
পরবর্তীতে আনসার সদস্য শামীম রেজা এবং সিকিউরিটি সুপারভাইজার মোরশেদা বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে এভসেক কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কে অবহিত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো গণনা করে মোট ৪,৩৬৪ পিস ইয়াবা জব্দ করেন।
এরপর এয়ারলাইন্স কর্তৃপক্ষ উক্ত যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে এবং এভসেক কর্তৃপক্ষ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের তৎপরতা দেশের বিমানবন্দর নিরাপত্তাকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলছে। তাদের সতর্কতা ও দায়িত্ববোধ মাদক পাচার প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।