রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫০:৩৯
‘আলোকিত লালমনিরহাট’কে প্রধানমন্ত্রীর প্রশংসা- সামাজিক সংগঠনেই বদলাতে পারে দেশ
‘আলোকিত লালমনিরহাট’ মডেল দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান করা যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মত, ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সংগঠনটি ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের সংগঠন সারাদেশে প্রয়োজন। তিনি পরিবেশ দূষণ, মাদক সমস্যা ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনের নেতারা।