নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৫:০০
নির্বাচনে ভোটগ্রহণ নিশ্চিতে কড়া নিরাপত্তা রাজধানীজুড়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকায় প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী সশস্ত্র টহল দিচ্ছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ভোটকেন্দ্রের সামনে সকাল
৭টার দিকে সেনাবাহিনীর সশস্ত্র টহল লক্ষ্য করা গেছে। মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা
কলেজ কেন্দ্র এবং মানিক মিয়া অ্যাভিনিউ-এর রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও র্যাবের
কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। কেন্দ্রের কর্মকর্তারা জানান, ঢাকা রেসিডেনসিয়াল
মডেল কলেজ কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট ১৩,৮৮৪ জন ভোটার রয়েছেন।
ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ব্যস্ততা
লক্ষ্য করা গেছে। রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা কেন্দ্রে উপস্থিত হন এবং ভোটগ্রহণ কর্মকর্তারা
এজেন্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। কেন্দ্রগুলোতে নিয়ন্ত্রিত পরিবেশ এবং সুষ্ঠু
ভোটের নিশ্চয়তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া)
মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে নির্বাচনের জন্য ২৬,৫১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে রয়েছে যাতে ভোটাররা
নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে আইনশৃঙ্খলা
রক্ষা ও ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে ৯ লাখ ১৯,৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৩ হাজার। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি,
কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।