নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৫৭:৪১
১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লে. জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন হবে, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা বরদাস্ত করা হবে না। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রতীকী মক ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া উপভোগ ও ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা ওখান থেকে বহু কথা বলছে। তাদের যদি সাহস থাকে তবে দেশে এসে আইনের আশ্রয় নিক।
নির্বাচনের দিন সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা বা সহিংস পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়।
যৌথ বাহিনী ও পুলিশের সহায়তায় কীভাবে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে তা তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
মহড়ায় ভোট কেন্দ্রের অভ্যন্তরে দায়িত্বরত পোলিং এজেন্ট, প্রিজাইডিং কর্মকর্তাসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চূড়ান্ত প্রশিক্ষণের পর আনুষ্ঠানিক ভোটকেন্দ্রের অভ্যন্তরে কীভাবে কাজ করতে হয় তা প্রদর্শিত হয়। এ সময় দর্শক হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনের প্রস্তুতিসমূহ প্রত্যক্ষ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঢাকা জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।