নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ বিকাল ০৩:৪৬:০৩
র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কিছু কর্মকর্তার কারণে, প্রতিষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়।
সোমবার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদরদপ্তরে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় সেগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তার কার্যক্রম পরিচালনা করবে।
তিনি জানান, র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনের আওতায় একটি জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠন করা হবে। পাশাপাশি র্যাবের নাম পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
মন্ত্রী বলেন, “কিছু সংখ্যক কর্মকর্তার দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না। যারা আইনের বাইরে গিয়েছে, তাদের আইনের আওতায় এনে জবাবদিহিতার ব্যবস্থা করা হচ্ছে।”
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বাহিনীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। নতুন আইন ও কাঠামোর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক মহল বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের কিছু ধারার অধীনে “অ্যাডহক” ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তাই বাহিনীর ক্ষমতা, দায়িত্ব ও জবাবদিহিতা স্পষ্ট করতে আলাদা আইন করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।
গুম সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, বিদ্যমান আইসিটি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে গুমের সব ধরনের ঘটনার বিচার সম্ভব হয়। গুম তদন্ত কমিশনের সুপারিশগুলোও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।